গুলজার আহমদ
সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জগন্নাথপুর দক্ষিণ সুমানগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য গুলজার আহমদ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। ১ ছেলে ২ মেয়ের জনক গুলজার আহমদের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি গণতন্ত্রী পার্টির সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘদিন। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এদিকে সোমবার সকাল ১০টায় গুলজার আহমেদের সহধর্মিণী সৈয়দা জেবুন্নেছা খাতুন ইন্তেকাল করেন।
আবুল খায়ের
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির মগবাজার কেন্দ্রের সাবেক সুপারভাইজর আবুল খায়ের (৭০) মঙ্গলবার দুপুরে মগবাজার কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার মৃত্যুতে সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল, সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নানসহ সমিতির সব পরিচালক ও অন্য কর্মকর্তা-কর্মচারীগণ তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
আব্দুল আহাদ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (৫৮) বুধবার ভোরে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বাড়ি উপজেলার আদর্শপাড়া গ্রামে। তিনি স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাকে বুধবার দুপুরে আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।