সময়মতো ভ্যাটের মেশিন বসাতে পারলে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হতো --------------- অর্থমন্ত্রী

লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় কম হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নির্দিষ্ট সময়ে ভ্যাট আদায়ের জন্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেসব ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর কথা ছিল, তা বসানো সম্ভব হয়নি বলে এটি ঘটেছে। এনবিআর আমাকে কথা দিয়েও তা রাখতে পারেনি, তাই এ দায় আমি এড়াতে পারি না। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির মূল জায়গা হচ্ছে মূল্য সংযোজন কর (ভ্যাট)। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অনলাইনে ভ্যাট আদায়ের জন্য আমরা এখনো ইএফডি মেশিনই বসাতে পারিনি। সময়মতো মেশিনগুলো বসাতে পারলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা অর্জন করা সম্ভব হতো। এনবিআর থেকে আমাকে জানানো হয়েছিল জুলাই মাসের ১ তারিখ থেকে মেশিনগুলো সরবরাহ করা হবে। ?কিন্তু দুঃখজনক হলো এখনো আমরা মেশিনগুলো পাইনি। এনবিআর চেয়ারম্যান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে মেশিন সরবরাহ করা হবে। ডিসেম্বরে হলে ইতিমধ্যে অর্থবছরের ছয়             মাস পার হয়ে যাবে।  তাতে কি এ ক্ষতি পূরণ সম্ভব এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে শপথ নিয়েই আমি এনবিআরের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। জুলাই মাসের প্রথমেই মেশিনগুলো সরবরাহ করা হবে বলা হলেও সেটা হয়নি। তবে প্রথম ছয় মাসে যতটা লস হয়েছে, পরের ছয় মাসে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব।

উল্লেখ্য, গত ২৪ জুলাই অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে ১ লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি), ৫০০ ইউনিট সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) এবং ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) কেনার একটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের ব্যয় ধরা হয় ৩১৫ কোটি ৮৮ লাখ ২১ হাজার ৯৫৭ কোটি টাকা। কিন্তু সে ডিভাইসগুলো এখনো আসেনি।