আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, একটি নির্বাচিত সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলেই দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশ অনেক পিছিয়ে গিয়েছিল। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে ক্ষমতায় আছেন বলেই দেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিদ্যুত্ ও যোগাযোগ খাতে উন্নয়নসহ সর্বোপরি দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। যা আজ বিশ্বের নজর কাড়তেও সক্ষম হয়েছে। গতকাল বুধবার বিকালে কাজিপুুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদের উত্থান হলেও শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই বঙ্গবন্ধুসহ সকল হত্যাকাণ্ডের বিচার, জঙ্গি, মাদক নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন। তাই নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির স্বার্থে শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোহাম্মদ নাসিম সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেন ।