মিজানের খালাসের বিরুদ্ধে আপিল করা হবে :আইজিপি

হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার রায়ে খালাস পাওয়া মিজানুর রহমান ওরফে বড়ো মিজানের বিষয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আদালত রায়ে যে সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাতে পুলিশ সন্তুষ্ট। তবে যে একজন খালাস পেয়েছে তার বিষয়ে আমরা আপিল করব। আদালতের রায় পর্যবেক্ষণ করে তার                 বিরুদ্ধে আপিল করা হবে। গতকাল বুধবার দুপুরে পুলিশ সদর দফতরে কাবাডি ফেডারেশনের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, এই মামলায় তদন্ত কর্মকর্তারা নিরলসভাবে যে তদন্ত কার্যক্রম চালিয়েছেন, রায়ে সে ফল পাওয়া গেছে। এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে, দালিলিক প্রমাণ না থাকায় মামলার আরেক আসামি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড়ো মিজানকে খালাস দিয়েছে আদালত।