এ রায়ে সরকার সন্তুষ্ট :আইনমন্ত্রী

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনার মামলার রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে কয়েকজন জঙ্গির আইএসের টুপি পরে এজলাসে ঢোকার বিষয়টির তদন্ত হবে বলেও জানান মন্ত্রী।

গতকাল বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আইনমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডের রায় ডেথ রেফারেন্স হিসেবে সাত দিনের মধ্য উচ্চ আদালতে চলে যাবে। সেখানে গেলে পেপারবুক তৈরি হবে।

আইনমন্ত্রী বলেন, সারা বিশ্বকে প্রমাণ করতে পেরেছি যে, বাংলাদেশে এ রকম হত্যাকাণ্ড হলে তার বিচার অত্যন্ত দ্রুত হয় ও আইনি সব প্রক্রিয়া ফলো করে বিচার সম্পন্ন করা হয়।

আইনমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে বলতে চাই, এ রায়ে আমরা সন্তুষ্ট। আরো বলতে চাই, এরকম চাঞ্চল্যকর যেসব মামলা দেশের শেকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেসব মামলা দ্রুত শেষ করতে পারছি- সেটাও মনে হয় সন্তুষ্টির কারণ।

তিনি আরো বলেন, ‘যখনই দুর্ঘটনা ঘটেছিল জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, এসব অপরাধীর দ্রুত বিচার করে শাস্তির আওতায় আনতে হবে। আজ (গতকাল) সেই কথারই সত্যতা প্রমাণ হয়েছে।’

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের প্রতীক সম্বলিত টুপি পরে আসামিদের এজলাসে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে এই ব্যাপারটার তদন্ত হওয়া উচিত। তদন্ত যেন হয় সেজন্য সংবাদ সম্মেলন শেষ করেই আমি কথা বলব।