ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলা মামলার আসামিদের মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল রায় ঘোষণার পর জঙ্গিবাদ প্রশমনের ক্ষেত্রে এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমাদের দেশ যে জঙ্গিবাদ উত্পাটনের ক্ষেত্রে আন্তরিক এবং দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম—এই মামলার রায় থেকে এটাই প্রমাণ হয়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়, জঙ্গিবাদ নির্মূলে সরকার যে তত্পর, এ রায়ের মাধ্যমে সেটিও প্রমাণ হয়েছে। এ মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এলে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মামলাটি পরিচালনার চেষ্টা করবেন বলে জানান রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা।
যারা জঙ্গিবাদের প্রতি আকৃষ্ট বা জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এই রায়ের মাধ্যমে তাদের কাছে একটি বার্তা পৌঁছুবে বলে মনে করেন প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
তিনি আরো বলেন, এ মামলার রায় থেকে প্রমাণ হয় আমাদের দেশ জঙ্গিবাদ উত্পাটনের ক্ষেত্রে আন্তরিক। হামলার ঐ ঘটনা আমাদের দেশের ভাবমূর্তি অনেকটা ম্লান করেছিল। এ রায়ের ফলে আমাদের সে ভাবমূর্তি, আমাদের দেশে আইনের শাসন এবং জঙ্গিবাদ নির্মূলে আমাদের সরকারের যে তত্পরতা, এটাই প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, আমার মনে হয় এখন সময় এসেছে, সরকারি-বেসরকারি, ইংরেজি মাধ্যম স্কুল, মাদ্রাসাসহ সব জায়গায় যেন জঙ্গিবাদের শিক্ষা দেওয়া না হয়, কোনোভাবে সেদিকে আকৃষ্ট করা না হয়, উত্সাহিত করা না হয়, এ ব্যাপারে সবাই মিলে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।