রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ : আরো তিন আসামি গ্রেফতার

মির্জাপুরে রাস্তা থেকে তুলে নিয়ে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গত মঙ্গলবার রাতে ঘটনার সঙ্গে জড়িত আরো তিন জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ধর্ষণের সময় মদ সাপ্লাইকারী রিপন ও রাব্বিকে আজগানা এলাকা থেকে এবং অপরজনকে কুড়িপাড়া থেকে গ্রেফতার করা হয়। এদেরকে নিয়মিত আসামি করা হয়েছে। এ নিয়ে এ মামলায় গ্রেফতার হলো পাঁচ জন। দুই আসামি এখনো পলাতক। ধর্ষণ মামলার মূল হোতা সোহান ও রাকিবকে এক দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা টাঙ্গাইলের ডিবি পুলিশ দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন।

শ্যামল কুমার দত্ত বলেন, রিপন ও রাব্বি ঐ ছাত্রীকে অজ্ঞান করার জন্য মদ সাপ্লাই দিয়েছিল। রিমান্ডে সোহান ও রাকিব এ তথ্য জানায়। তারা আদালতে ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছে।