ওয়াক্ফ আইনের চারটি ধারার আংশিক বাতিল ও অবৈধ ঘোষণা হাইকোর্টের

২০১৩ সালের ওয়াক্ফ হস্তান্তর ও উন্নয়ন আইনের চারটি ধারার আংশিক বাতিল ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ফলে ওয়াক্ফ প্রশাসক এখন থেকে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না। রায়ে ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) আইনের ৩, ৪(চ), ৮ ও ১২ ধারা অবৈধ ও বাতিল ঘোষণা করেন আদালত।

বুধবার জনস্বার্থে দায়ের করা একটি রিটের রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। ২০১৩ সালে জনস্বার্থে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম ঐ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেছিলেন।