সোহরাব পাশা
দুঃস্বপ্নের ভেতর দীর্ঘ ধূ ধূ সময়ের ভুল তর্জমা
মেঘ ছুটে যায় নৈঃশব্দ্যের দেপান্তরে
নেভে না বিষাদ অন্ধকার
খুব সহজেই দুঃখ তার নাম লেখে প্রিয় বাড়ির দেয়ালে
কীভাবে কীভাবে যেন দুঃখের দৌরাত্ম্য বেড়ে গেছে
পৃথিবীতে
ফিরে যাচ্ছে মানুষের বাসনার কণ্ঠস্বর গহনের পথে
পুরোনো দিঘির পাড়ে দাঁড়িয়ে একাকী খুঁজে ফেরে
জন্মের কুশল
বিগত দিনের ছেঁড়া পাণ্ডুলিপি
অনুবাদ করে অসমাপ্ত দীর্ঘশ্বাস
জন্মান্ধ বাউল খোঁজে প্রাণের গহিনে সৌন্দর্যের
গান
গানের ভেতর জোছনা-রোদের বৃষ্টি
শীর্ণ চোখের পাতা ভিজে যায় জন্মান্ধ
বাউলের