‘আমি চাই সিনেমাটি মানুষ দেখুক’

বিনোদন রিপোর্ট

 

নায়ক হচ্ছেন এমন খবরে চমকে গিয়েছিল সবাই। দীর্ঘদিন ধরে গান গেয়ে কোটি শ্রোতার হূদয় জয় করা কণ্ঠশিল্পী আসিফ আকবরের খবরটি মিথ্যা ছিল না। তার ‘গহীনের গান’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল।

সিনেমাটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এটা কোনো ব্লকবাস্টার মুভি হয়তো হবে না। কোনো অ্যাকশন নেই এতে। এক ঘুষিতে ২০ জন মানুষ উড়ে যাবে না এর কোনো দৃশ্যে। এখানে মানুষ দেখবে একটা মানুষের নিঃসঙ্গতা। সন্তানের জন্য বাবা-মা সব করতে পারেন এই ম্যাসেজ থাকছে এখানে। আমরা চাইবো সিনেমাটি মানুষ দেখুক। গ্যারান্টি দিচ্ছি যারা সিনেমাটি দেখবেন তারা অবশ্যই এর মাঝে নিজেকে খুঁজে পাবেন।’

এর আগে ‘গহীনের গান’ মুক্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠানটি। সেখানে বক্তব্য রাখেন ছবিটির নির্মাতা সাদাত হোসাইন। ব্যতিক্রমী গল্পের এই সিনেমাটিকে ঘিরে স্বপ্নের কথা ফুটে ওঠে তার বক্তব্যে। তিনি বলেন, ‘মনের মতো করে নিজের প্রথম সিনেমাটি নির্মাণ করতে পেরেছি। যারা আমার পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ একই অনুষ্ঠানে সংগীতে দুই দশক পূর্তি উপলক্ষে কণ্ঠশিল্পী আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। তার ৩০টি একক অ্যালবামের প্রচ্ছদ দিয়ে তৈরি ‘ভালোবাসা অবিরাম’ শীর্ষক ফটোফ্রেম তুলে দেওয়া হয় শিল্পীর হাতে। অনুষ্ঠানে দেখানো হয় ছবিটির ট্রেলার ও একাধিক গান। এতে আরো উপস্থিত ছিলেন গহীনের গান-এর অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন, গীতিকার তরুণ মুন্সী, সংগীত পরিচালক পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমন প্রমুখ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, নকীব খান, তপন চৌধুরী, জানে আলম, ডলি সায়ন্তনীসহ অনেকে।