দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছে

সিএসিসিআই সম্মেলন শেষে এফবিসিসিআই সভাপতি

ইত্তেফাক রিপোর্ট

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, গত কয়েক বছরে বাংলাদেশ যে অভূতপূর্ব উন্নতি করেছে, সেটা বিশ্বের সামনে তুলে ধরা ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা তাতে সফল হয়েছি। তিনি বলেন, সিএসিসিআই সদস্যদের মধ্যে একটি গ্রুপের হাতে প্রায় একুশ বিলিয়ন ডলার আছে, যা তারা বিনিয়োগ করতে চায়।

গতকাল রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই ও কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) যৌথ সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি এসব কথা বলেন। এসময় সিএসিসিআই সভাপতি সামির মোদিও উপস্থিত ছিলেন। মঙ্গলবার ও বুধবার রাজধানীতে ২৮ দেশের ব্যবসায়ীদের নিয়ে সিএসিসিআইয়ের সম্মেলনের পর এ বিষয়ে অবহিত করতেই এ সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে কনফারেন্সটা হওয়ায় তারা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জেনেছে। এতে বাংলাদেশে বিনিয়োগ আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, সম্মেলনের ফলে অন্য দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয়েছে তাতে খুব শিগিগরই বড়ো বিনিয়োগ আসতে চলেছে।

সিএসিসিআই সভাপতি সামির মোদি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন খুবই আশাব্যঞ্জক। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত। এখানে আমরা আগের চেয়ে অধিক বিনিয়োগ করতে আগ্রহী। এমনকি মোদি গ্রুপও খুবই শিগিগরই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে।

শেখ ফজলে ফাহিম বলেন, অবকাঠামো, পর্যটন, অটোমোবাইলসহ দেশের বিভিন্ন খাতে এ বিনিয়োগ হবে। সিএসিসিআই অর্থনৈতিক জোনের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে সিএসিসিআই সদস্য দেশগুলো বিনিয়োগ করতে পারবে। ২০২০ সালে তাইপেতে ‘তাইপে ইনভেস্টমেন্ট সামিট ২০২০’ অনুষ্ঠিত হবে সেখানে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ পুল আমরা আইডেন্টিফাই করেছি।

সম্মেলনে দুটি চুক্তি সই হয়েছে জানিয়ে শেখ ফাহিম বলেন, এই কনফারেন্সে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের সকল চেম্বারসহ এফবিআইয়ের সদস্য সংস্থাগুলো ই-চেম্বারের গ্লোবাল প্ল্যাটফরমে সংযুক্ত হবে। এতে আমাদের রিমোট এলাকার চেম্বারের সদস্যরা তাদের পণ্য বিটুবি প্ল্যাটফরম থেকে গ্লোবাল প্ল্যাটফরমে একসেস পাবে।

তিনি বলেন, ‘যেমন ফার্নিচার অ্যাসোসিয়েশনের মেম্বাররাও এই নেটওয়ার্কে যাবে। বিটুবি প্ল্যাটফরমে তাদের পণ্য ডিসপ্লে করতে পারবে, এতে তাদের মার্কেট শেয়ার আরো বাড়বে। কোনো বিনিয়োগ ছাড়াই। অন্য চুক্তি প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, আরেকটি চুক্তি হয়েছে ইন্টারন্যাশনাল কলেজ অব অ্যাডভান্স এডুকেশন অস্ট্রেলিয়ার সঙ্গে। উনারা আমাদের এফবিসিসিআইয়ের সঙ্গে ট্রেনিং মডিউল শেয়ার করবে। এর ফলে আমাদের উদ্যোক্তাদের কর্মসক্ষমতা বাড়বে।