বাংলাদেশে বিদ্যুত্ ও রেল খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে বিদ্যুত্ ও রেলওয়ে সংযোগ খাতে যৌথ বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আই এম পাওয়ার এবং টেন ব্রোক কোম্পানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার আই এম পাওয়ার কোম্পানির চেয়ারম্যান গর্ডন জে. ডিক ও সিইও এলেনা বারানোভ এবং টেন ব্রোক কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পল ই তোভদেলসহ পাঁচ সদ্যসের প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এ আগ্রহের কথা জানান। সাক্ষাত্কালে প্রতিনিধিদল বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করে, পাওয়ার ট্রান্সমিশন টু রেলওয়ে কানেক্টিভিটি এলএনজি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ সময়ে তারা বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। মতবিনিয়মকালে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিদ্যুত্ উত্পাদন খাতে বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরে বলেন, ভবিষ্যতে উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আরো বেশি পরিবেশবান্ধব বিদ্যুত্ শক্তির প্রয়োজন।