রয়টার্স
জাপানে সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে জাপানের কোস্ট গার্ড।
টোকিও বলছে, পিয়ংইয়ংয়ের ছোড়া অজ্ঞাত প্রজেক্টাইলের মধ্যে উচ্চতা ও গতি দেখে সেগুলোকে ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে। প্রজেক্টাইলগুলো কোথায় গিয়ে পড়বে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও আশ্বস্ত করেছে তারা।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রজেক্টাইল তাদের আকাশসীমা কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় পড়েনি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীও বৃহস্পতিবার উত্তরের প্রজেক্টাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে সাগরে দুটি প্রজেক্টাইল ছুড়েছে।
গত ৩১ অক্টোবর জাপান সাগরে সর্বশেষ দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পিয়ংইয়ং। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি নিয়মিত বিরতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট উেক্ষপণের সফল পরীক্ষা চালিয়ে আসছে।