চীনের উইগুর মুসলিমদের নিয়ে সচেতনতামূলক একটি ভিডিও পোস্ট করেছিলেন যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারী ফিরোজা আজিজ। পরে ভিডিওটি মুছে দেয় টিকটক এবং ‘নিষিদ্ধ’ করে ফিরোজা আজিজের অ্যাকাউন্ট। সম্প্রতি তার কাছে ক্ষমা চেয়ে ঐ ‘নিষেধাজ্ঞা’ উঠিয়ে নিয়েছে অ্যাপটি। বুধবার এক ব্লগ পোস্টে নিজেদের অবস্থান ‘পরিষ্কার’ করেছে টিকটক। ‘মানবসৃষ্ট ত্রুটিতে’ ভিডিওটি মুছে দেওয়ার জন্য ফিরোজা আজিজের কাছে ক্ষমাও চেয়েছে সোশ্যাল ভিডিও অ্যাপটি। যে টিকটক ব্যবহারকারী চীনের উইগুর মুসলিমদের নিয়ে সচেতনতা ভিডিওটি পোস্ট করেছেন, তার এর আগেও একটি অ্যাকাউন্ট ছিল। ঐ অ্যাকাউন্ট থেকে নভেম্বরের ১৪ তারিখ ওসামা বিন লাদেনের ছবি পোস্ট করার কারণে তা বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি আরেকটি অ্যাকাউন্ট খুলে নভেম্বরের ২৩ তারিখ উইগুর মুসলিমদের প্রসঙ্গে ভিডিও পোস্ট করেন। — জানিয়েছেন টিকটক যুক্তরাষ্ট্রের নিরাপত্তাপ্রধান এরিক হান। —রয়টার্স