চৌদ্দগ্রামের গুণবতী-সাতবাড়িয়া সড়ক বেহাল

দুর্ভোগে চলাচলকারীরা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

সড়ক ও জনপদ বিভাগের চৌদ্দগ্রামের গুণবতী থেকে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা। সরেজমিনে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ও বক্সগঞ্জ থেকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে যোগাযোগের একমাত্র সড়ক ‘গুণবতী-সাতবাড়িয়া সড়ক’। গুণবতীতে রেল স্টেশন থাকায় প্রতিদিন বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ভাঙা ও গর্ত থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশেষ করে সড়কের সেবাখোলা এলাকায় ছয়-সাত বছর ধরে ডাকাতিয়া নদীর পাশে ফাটল রয়েছে। সম্প্রতি ফাটল বড়ো আকার ধারণ করেছে। ফলে যেকোনো সময় সড়কটির বিশাল অংশ ডাকাতিয়া নদীতে ধসে পড়ার আশঙ্কা করছেন পথচারীরা। এছাড়া আগামী বর্ষায় সড়কের অবস্থা আরো বেহাল হবে।

গুণবতী-সাতবাড়িয়া সড়কে নিয়মিত যাতায়াতকারী জসিম-উদ্দিন, কুলসুম বেগম, আকবর হোসেনসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের অবস্থা বেহাল হলেও কেউ সংস্কারে উদ্যোগ নিচ্ছে না। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে ঠিকই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে। সে জন্য দুর্ঘটনার আগেই যদি সড়ক মেরামত করা হয় তাহলে মানুষের ভোগান্তি কমবে। সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. আহাদউল্যাহ বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে দেখব।