মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার শ্রীকন্টি বিল-হাকালুকি হাওর এলাকায় এলজিইডি নির্মিত ব্রিজের সংযোগ সড়ক না থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে দীর্ঘদিন যাবত্ দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় জনগণ।
কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের বড়দল ও কাড়েরা গ্রামসহ কাদিপুর ইউনিয়নের ছকাপনসহ কয়েকটি গ্রামের কৃষক শ্রীকন্টি বিল থেকে হাকালুকি হাওরে যাতায়াত করেন ঐ পথে। এক সময় ব্রিজের ওপর দিয়ে হাওরের নিম্নাঞ্চল পর্যন্ত কৃষিজমি চাষাবাদ করতেন তারা। স্থানীয় রাখাল ও জেলেদেরও মাছ ধরার জন্য ঐ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় হাওরে। তাদের দাবির প্রেক্ষিতে ১৯৯৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স্বল্পব্যয়ী সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করে ব্রিজটি। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা পাঁচ-ছয় বছর ব্রিজ ও সড়ক ব্যবহারে উপকৃত হচ্ছিলেন; কিন্তু পরবর্তী সময়ে দফায় দফায় বন্যায় সংযোগ সড়ক বিলীন হয়ে যায়।
স্থানীয়রা বলেন, ব্রিজের সঙ্গে (বড়দল-ছকাপন) সংযোগ সড়ক না থাকায় কৃষি পণ্য, মাছ ও গৃহপালিত পশু নিয়ে খাল দিয়ে অনেক কষ্টে পারাপার হচ্ছি। যাতায়াতের সুবিধার্থে সংযোগ সড়ক পুনর্নির্মাণ করলে এলাকাবাসী উপকৃত হতো।
উপজেলার ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, ব্রিজ যেহেতু আছে সেখানে সংযোগ সড়ক করা খুবই জরুরি। এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত যাতে সংযোগ সড়ক নির্মাণ হয় সে প্রচেষ্টা চালাচ্ছি।
কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী বলেন, বিষয়টি জেনেছি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন খাত টিআর ও কাবিখা প্রকল্প থেকে এই সড়কটি নতুন করে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।