প্রশাসকের পদ কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট
চট্টগ্রাম অফিস
পৌরসভা হিসেবে গেজেট ঘোষণার পর দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক দিয়েই চলছে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কার্যক্রম। ঐ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থতা ও প্রশাসকের পদ ধরে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৪ নভেম্বর এই রুল দেন। হাটহাজারী পৌর এলাকার বাসিন্দা চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী মো. জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট পিটিশনের প্রাথমিক শুনানি নিয়ে ঐ রুল ইস্যু করা হয়।
রিট পিটিশনে বাদী অভিযোগ করেন, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর এক জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাটহাজারী সদর ইউনিয়ন এলাকাকে পৌরসভা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত ৯ আগস্ট ২০১২ ‘হাটহাজারী পৌরসভা’ নামে গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়। ১ অক্টোবর ২০১২ তারিখ হতে প্রশাসক নিয়োগ দিয়ে হাটহাজারী পৌরসভার কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম গতকাল বৃহস্পতিবার ইত্তেফাককে বলেন, হাটহাজারী পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ সাত বছরের অধিক সময় অতিক্রম হলেও মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নির্দেশ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান না করায় এবং প্রশাসক নিয়োগ দিয়ে পৌরসভা চালানোর অভিযোগে উক্ত রিট পিটিশন দায়ের করা হয়।