মিরসরাইয়ে ১১ মাস পর কবর থেকে তোলা হলো লাশ

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাই উপজেলায় ১১ মাস ১৬ দিন পর কলি আক্তার নামের এক নারীর লাশ কবর থেকে তোলা হয়েছে। হত্যার অভিযোগে মামলা হওয়ার পর আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুর একটায় উপজেলার কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের কবরস্থান থেকে কলি আক্তারের লাশ উত্তোলন করা হয়। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের উপ-পরিদর্শক কামাল আব্বাস ও জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আলমগীর কবির উপস্থিত ছিলেন। মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছর ১১ ডিসেম্বর সকাল ১১টায় কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে কলি আক্তারকে (১৮) তার বাড়ির পেছনের একটি গাছের সঙ্গে কাপড় দিয়ে ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর মুমূর্ষু অবস্থায় কলি আক্তারকে উপজেলার বারইয়ার হাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত  ঘোষণা করে। এরপর কলি আক্তারের লাশ ময়নাতদন্ত ছাড়াই কবরস্থানে দাফন করা হয়। এই অস্বাভাবিক মৃত্যুর  ঘটনায় কলি আক্তারের মা ফিরোজা বেগম ১ সেপ্টেম্বর চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় একই গ্রামের মো. আবছার (৪০) ও রুবেল (৩৮) নামের দুই ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল আব্বাস ইত্তেফাককে জানান, সত্যতা নিরূপণের জন্য লাশ উত্তোলনের আবেদন করি আদালতে। আদালতের নির্দেশে আজ লাশ উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।