লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. আক্তার হোসেন কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার বেচু ব্যাপারীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাসার জানান, চর লরেন্স গ্রামের শাহে আলমের মেয়ে বিবি সাজুর সঙ্গে একই এলাকার আক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আক্তার হোসেন যৌতুকের দাবিতে তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে নির্যাতনের এক পর্যায়ে সাজুকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।