বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখায় আমন মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। তবে এবার লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ কেছরিগুল গ্রামের কৃষক রুহেল মিয়ার কাছ থেকে এক টন ধান কেনার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রান্তিক, মাঝারি ও বড়ো শ্রেণিতে কৃষকদের আলাদা করে লটারি করা হয়। ১৯৪৮ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে ৯৬০ জন কৃষককে বাছাই করা হয়েছে। সরকারিভাবে ধান কেনায় স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয় বলে জানা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার বলেন, এবার বড়ো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়নি। এছাড়া কৃষি বিভাগ নিয়মিত মাঠ পরিদর্শন করেছে। কৃষকদের সঙ্গে আলোচনা করে পরামর্শ দিয়েছে। আলোক ফাঁদের মাধ্যমে উপকারী ও অপকারী পোকার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরপর উপযুক্ত বালাইনাশক ব্যবহার করা হয় ধান খেতে। এসব কারণে অন্য বছরের থেকে এবার ধান ভালো হয়েছে।
বড়লেখা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সূত্রধর বলেন, প্রথম দিন এক টন নেওয়া হয়েছে। আরো কিছু ধান এসেছে। এগুলোর মান যাচাই করা হচ্ছে। যাচাই করে ভালো মানের ধান নেওয়া হবে। এবার লটারির মাধ্যমে কৃষক বাছাই করে তালিকা করা হয়েছে। ঐ তালিকার কৃষকদের ধান নেওয়া হবে। তালিকার বাইরের কারো ধান নেওয়া হবে না।