কলমাকান্দায় বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

কলমাকান্দায় বুধবার সন্ধ্যায় বস্তাবন্দি এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়  দিলুরা (৩৫) নামের এক নারীকে আটক করা হয়। কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালসহ হাতের দুটি সিটি গোল্ড চুড়ি ও বেনি পাকানো চুল উদ্ধার করা হয়। কঙ্কালের সব হাড় বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হচ্ছে, অনেক দিন আগে হয়তো কোনো নারীকে হত্যা করে ব্লক দিয়ে বস্তাবন্দি করে লাশ উব্ধাখালি নদীর অংশে ফেলে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে কঙ্কালের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট ও ময়নাতদন্তের জন্য কঙ্কালটি বৃহস্পতিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।