উজিরপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

বরিশাল অফিস

বরিশালের উজিরপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম হারুন তালুকদার (৫৭)।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, ঐ স্কুলছাত্রীর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে উপজেলার কালিহাতা গ্রামের বাসিন্দা হারুন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, গত ২৪ নভেম্বর ঐ ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে হারুন তাকে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

মঠবাড়িয়ায় গ্রেফতার এক

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মামা-ভাগ্নের বিরুদ্ধে কিশোরী (১৭) ধর্ষণ মামলায় মামা মঞ্জু হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার লক্ষনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে উপজেলার লক্ষনা গ্রামের রত্তনের ছেলে মঞ্জু ও তার ভাগ্নে একই গ্রামের কবির হোসেনের ছেলে কালু হোসেনকে (১৯) আসামি করে মামলাটি দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, আসামি মঞ্জুকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি কালুকে গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার ঐ কিশোরীকে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।