শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের সুন্দরপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক মন্নু মোল্লার বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। প্রায় দুমাস ধরে প্রলোভন দেখিয়ে বিয়ে না করার প্রেক্ষিতে ঐ তরুণী বুধবার দুপুরে সুন্দরপুর গ্রামের জাফর মোল্লার ছেলে মন্নু মোল্লার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। প্রায় ছয় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে বলে মেয়েটির দাবি। এ ঘটনায় রাতে মেয়েটির বাবা বাদী হয়ে প্রতারক প্রেমিক মন্নু মোল্লাসহ পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রেমিক মন্নুর বড়ো চাচা মুজিবর মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই মেয়েটির সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাতিজার সম্পর্ক চলছে বলে সবাই জানে। বিয়ে দেওয়ার কথা বলে তার ভাই জাফর ও ভাতিজা মন্নু বাড়ি থেকে পালিয়ে গেছে। সুন্দরপুরের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো বলেন, ঘটনাটি জানি। এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়ার কথা বলে মন্নু ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে, যা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন কুমার দাস বলেন, ঘটনা  শোনার পরপরই অভিযুক্তের বাড়িতে পুলিশ পাঠানো হয় এবং ঘটনার সত্যতা পেয়ে বুধবার রাতেই প্রেমিক মন্নুসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।