স্পোর্টস রিপোর্টার
নেপালের পোখারায় আগামী ১ ডিসেম্বর শুরু হবে সাউথ এশিয়ান (এসএ) গেমস। এক আসর পর এসএ গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট। ২০১০ সালে এসএ গেমসে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ দল। এবারও এই প্রতিযোগিতায় স্বর্ণ জয়ের আশায় দলগঠন করছে বিসিবি। গেমস শুরুর দিন তথা ১ ডিসেম্বরই নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। যদিও এখনো দলটাই ঘোষণা করেনি বিসিবি।
দল ঘোষণা করা না হলেও গতকাল মিরপুর স্টেডিয়ামে সম্ভাব্য দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে চলতি মাসে ইমার্জিং দলের হয়ে খেলা অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের সিংহভাগই থাকছেন এসএ গেমসের দলে। সৌম্য সরকার, সাইফ হাসানের মতো ক্রিকেটাররা থাকবেন এই দলে। হেড কোচের দায়িত্বে থাকবেন বিসিবির পেস বোলিং কোচ চম্পাকা রমানায়েকে।
গত বুধবার অনুশীলনের আগে দল সম্পর্কে ধারণা দিতে গিয়ে সাংবাদিকদেরকে এই লঙ্কান কোচ বলেছিলেন, ‘সাইফ হাসান দলে আছে। সৌম্য সরকারও আছে। জাতীয় দল থেকে শুধু সৌম্যই আছে। সাইফ গত সিরিজে দলের সঙ্গে ছিল। মূলত সৌম্য ছাড়া সবাই হাই পারফরম্যান্সের ক্রিকেটার।’