ফের ইনজুরিতে শিখর ধাওয়ান

বদলি হিসেবে এসেছেন স্যামসান

 স্পোর্টস রিপোর্টার

ইনজুরি পিছু ছাড়ছে না শিখর ধাওয়ানের। দারুণ শুরু করার পর বিশ্বকাপটা মিস করলেন এই ভারতীয় ওপেনার। এরপর আবার খেলায় ফিরেছিলেন। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজও খেলেছেন। কিন্তু সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে আবার হাঁটুর ইনজুরিতে পড়েছেন। এবার মিস করছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটির টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তার বদলে এই দলে ঢুকেছেন বাংলাদেশের বিপক্ষে না খেলেই দল থেকে বাদ পড়া সঞ্জু স্যামসান। ওয়েস্ট ইন্ডিজ দল এখন ভারতেই আছে। ভারতীয় দলের পরবর্তী মিশন হলো এই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। ৬ ডিসেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে তারা। এরপর জানুয়ারিতে ভারত যাবে নিউজিল্যান্ড সফরে।

৩৩ বছর বয়সি ধাওয়ান গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ইনজুরিতে পড়লেন। এবার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সুরাটের হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে ২১ নভেম্বর মহারাষ্ট্রের বিপক্ষে ম্যাচে এই চোট পান তিনি। রান নেওয়ার সময় শেষটুকু লাফ দিয়ে পার হতে গিয়ে হাঁটুর ভেতরে একটা কাঠের টুকরো ঢুকে যাওয়াতে এই ইনজুরিতে পড়েন ধাওয়ান। ধাওয়ানের এই অপ্রত্যাশিত অনুপস্থিতি আবার দরজা খুলে দিয়েছে স্যামসানের সামনে। গত কয়েক বছর ধরে জাতীয় দলের স্কোয়াডে যাতায়াতের মধ্যে আছেন এই অলরাউন্ডার। ২০১৫ সালের জুলাই মাসে ভারতের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর থেকে অনেকবার স্কোয়াডে এলেও আর কোনো ম্যাচ তার খেলা হয়নি। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দলে ছিলেন স্যামসান। কিন্তু কোনো ম্যাচেরই একাদশে সুযোগ হয়নি তার। এরপর বিরাট কোহলি দলে ফিরে আসায় কোনো ম্যাচ না খেলেই আবার বাদ পড়েন তিনি।

ধাওয়ান না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধন করার সম্ভাবনা আছে লোকেশ রাহুলের। তিনি বাংলাদেশের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করেছেন।

এদিকে ভারতের টেস্ট উইকেটরক্ষক হূদ্ধিমান সাহার ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে দুশ্চিন্তায় আছে ভারত। বাংলাদেশের বিপক্ষে দিবারাত্রির টেস্টে মধ্যমায় চোট পান সাহা। এরপর তার অস্ত্রোপচার হয়। এখন তিনি ব্যাঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসনপর্ব কাটাচ্ছেন।