স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি বার্সেলোনার জার্সি গায়ে ৭০০ তম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোল করলেন, করালেন আরো দুটি। তার এমন নৈপুণ্যে জার্মান প্রতিপক্ষকে ৩-১ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
ক্লাব হোক কিংবা জাতীয় দলের, মাইলফলকের সামনে দাঁড়িয়ে ম্যাচগুলোয় যেন আরো ক্ষুরধার হয়ে ওঠেন মেসি। ৬০০তম ম্যাচের দিনেই যেমন তার আগুনে পুড়ে খাক হয়েছিল সেভিয়া। তার ওপর বুধবার প্রতিপক্ষ ছিল জার্মান। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাদের বিপক্ষেই সবচেয়ে ভয়ঙ্কর আর্জেন্টাইন এই তারকা। পাঁচটি জার্মান দলের বিপক্ষে ১৫ ম্যাচ খেলে করেছিলেন ১৬ গোল, প্রতি ৭৩ মিনিটে করেছেন একটি গোল। সতীর্থদের গোলে সহায়তা আছে আরো চারটি।
সব মিলিয়ে অনন্য মাইলফলকের দিনে জ্বলে উঠতে সময় নিলেন ২৯ মিনিট। তার পাস থেকে লুই সুয়ারেজ গোল করলে এগিয়ে যায় বার্সা। এর আগেও অবশ্য দুই জনের নৈপুণ্যে বরুসিয়ার জাল ভেদ করেছিল কাতালানরা। তবে অফসাইডের খড়গে কাটা পড়ে সেটি। এর চার মিনিট পর সুয়ারেজের বাড়ানো বলে প্রতিপক্ষ রোমান বার্কিকে ফাঁকি দিয়ে ব্যবধান বাড়ান মেসি। ৭০০তম ম্যাচে যা কিনা ৬০৯ নম্বর গোল।
প্রথমার্ধ এই ব্যবধান নিয়েই বিরতিতে যাওয়া বার্সেলোনা ম্যাচটাকে সফরকারীদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় ৬৭ মিনিটে। প্রতি আক্রমণে মেসির পাস থেকে লক্ষ্যভেদ করেন আন্তনিও গ্রিজমান। বরুসিয়ার হয়ে সান্ত্বনার গোলটি আসে ৭৭ মিনিটে জ্যাডোন সাঞ্চোর পা থেকে।
মেসির মাইলফলকের ম্যাচে সমান নৈপুণ্য দেখিয়েছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনও। প্রতিপক্ষের ৫টি নিশ্চিত গোলের সুযোগ রুখেছেন জার্মান এই গোলরক্ষক।
এই জয়ের ফলে বার্সেলোনা এক ম্যাচ আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। আর বরুসিয়ার চ্যামিপয়ন্স লিগে টিকে থাকাটা বেশ কঠিন হয়ে পড়েছে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে জার্মান দলটির স্লাভিয়া প্রাগকে হারালেই হবে না, তাকিয়ে থাকতে হবে বার্সা-ইন্টার মিলান ম্যাচের দিকেও। সে ম্যাচে ইন্টার জিতে গেলে গোলগড়ে পিছিয়ে ইউরোপা লিগেই ঠিকানা হবে বরুসিয়ার।
সংখ্যাতত্ত্বে
৩৬ এ নিয়ে ৩৬টি ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে গোল করলেন মেসি। এর চেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোল করার কীর্তি নেই আর কোনো খেলোয়াড়েরই।
৫ মেসি মুখোমুখি হয়েও গোল করতে পারেননি এমন ক্লাবের সংখ্যা। দলগুলো হলো- অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, বেনফিকা, রুবিন কাজান, উদিনেসে।
১৪৯ এই জয়টি বার্সেলোনার ১৪৯তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জয়। এরচেয়ে বেশি জয়ের রেকর্ড আছে কেবল রিয়াল মাদ্রিদের।
০ শেষ দশ বছরে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে বার্সেলোনার হারের সংখ্যা। ২০০৯ সালের অক্টোবরে রুবিন কাজানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর আর একটিও ম্যাচে হারেনি বার্সা।
২৭ শেষ দশ বছরে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে বার্সেলোনার জয়সংখ্যা।
৪ এ ম্যাচে গোল করে জ্যাডোন সাঞ্চো চতুর্থ ইংলিশ ফুটবলার হিসেবে ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখালেন। আগের তিন জন ছিলেন অ্যান্ডি কোল, স্টিভ ম্যাকম্যানাম্যান, ফ্র্যাংক ল্যাম্পার্ড।
* উয়েফা অবলম্বনে