নকআউট নিশ্চিত করল বার্সা
স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ন্যাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘ই’ গ্রুপের শীর্ষে থাকলেও শেষ ম্যাচে তাদের সঙ্গী হবে বাদ পড়ার শঙ্কা। একই যাত্রায় গত বুধবার রাতে অনুষ্ঠিত খেলায় বার্সেলোনা লিওনেল মেসির নৈপুণ্যে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছে।
এদিকে ‘এইচ’ গ্রুপে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসিকে। গ্রুপের অন্য ম্যাচে আয়াক্স লিলের মাঠ থেকে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে। এফ গ্রুপে ইন্টার মিলান ৩-১ ব্যবধানে হারিয়েছে স্লাভিয়া প্রাগকে।
গেলবারের শিরোপাজয়ী লিভারপুলের চলতি মৌসুমে ইউরোপীয় ফলাফলটা ঠিক পক্ষে কথা বলছে না তাদের। ন্যাপোলির কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা অল রেডরা জিতেছিল পরের তিনটি ম্যাচেই। তবে গত বুধবার রাতে নিজের মাঠে ম্যাচটিতে শুরুতেই ন্যাপোলির বিপক্ষে পিছিয়ে পড়ে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ২১ মিনিটে ড্রাইস মার্টেন্সের লক্ষ্যভেদে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা। ৬৫ মিনিটে দেয়ান লভরেনের গোল সমতায় ফেরায় তাদের।
চোট কাটিয়ে এদিন মোহামেদ সালাহ প্রথম একাদশে ফিরলেও সতীর্থ সাদিও মানে আর রবার্তো ফিরমিনোর সঙ্গে বোঝাপড়াটা ছিল ম্লান। ফলে ১-১ গোলের ড্র নিয়েই ম্যাচ শেষ করে ইউরোপীয় চ্যামিপয়নরা।
‘ই’ গ্রুপের অন্য ম্যাচে সালজবুর্গ ৪-১ ব্যবধানে জেতায় ক্লপের দলের ওপর চাপ তৈরি হয়েছে বেশ। ন্যাপোলির সঙ্গে ড্রয়ের পর ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকলেও শেষ ম্যাচে তাদের সামনে থাকবে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার শঙ্কাও। গ্রুপ পর্বের শেষ দিনে তাদের প্রতিপক্ষ জার্মান দল সালবুর্গ যাদের সংগ্রহ সাত পয়েন্ট।
প্রথম লেগে লিভারপুলের মাঠেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিল ৪-৩ ব্যবধানে। শেষ ম্যাচে যদি লিভারপুল হেরে বসে জার্মানদের কাছে আর ন্যাপোলি গেঙ্কের বিপক্ষে প্রত্যাশিত জয়টি তুলে নেয় তবে গোল ব্যবধানে গ্রুপের তৃতীয় দল হয়ে ইউরোপা লিগে নেমে যাবে ক্লপের শিষ্যরা।
এদিকে ‘এফ’ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সার ৩-১ ব্যবধানে জয়ের দিনে একই ব্যবধানে স্লাভিয়া প্রাগকে হারিয়েছে ইন্টার মিলান। লাওতারো মার্টিনেজের জোড়া গোল আর রোমেলু লুকাকুর ক্লাব ক্যারিয়ারের ২৫০তম গোলে পাওয়া এই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আন্তনিও কন্তের শিষ্যরা। ‘জি’ গ্রুপে লিপজিগ আর বেনফিকার রোমাঞ্চকর ২-২ গোলে ড্রয়ের দিনে ইতিহাসে প্রথমবারের মতো চ্যামিপয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে লিপজিগ। এদিন লিওঁকে ২-০ ব্যবধানে হারিয়েছে জেনিথ সেইন্ট পিটার্সবার্গ।
‘এইচ’ গ্রুপে চেলসি আর ভ্যালেন্সিয়ার ম্যাচটি শেষ হয়েছে ২-২ ড্রয়ে। কার্লোস সোলেরের ৪০ মিনিটে গোলটি চেলসি শোধ করে পরের মিনিটেই। মাতেও কোভাচিচের লক্ষ্যভেদের পর ক্রিশ্চিয়ান পুলিসিচ ৫০ মিনিটে গোল করলে জয়ের সম্ভাবনাই সৃষ্টি হয়েছিল সফরকারী চেলসির। তবে ৮২ মিনিটে দানিয়েল ওয়াসের গোলে ভ্যালেন্সিয়া সমতা ফেরালে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
তবে তাদের এই ড্রয়ে লাভ হয়েছে আয়াক্সের। লিলের বিপক্ষে হেকিম জিয়েখ আর কিন্সি প্রোমেসের লক্ষ্য ভেদে ২-০ গোলের জয়ে পাঁচ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপটির শীর্ষে আছে তারা। শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র পেলেই পরের রাউন্ডে চলে যাবে চার বারের চ্যাম্পিয়নরা। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট নিশ্চিত করবে কোচ এরিক টেন হ্যাগের দল।
এক নজরে
লিভারপুল ১-১ ন্যাপোলি
গেঙ্ক ১-৪ সালজবুর্গ
বার্সেলোনা ৩-১ বরুসিয়া
প্রাগ ১-৩ ইন্টার
লিপজিগ ২-২ বেনফিকা
জেনিথ ২-০ লিওঁ
লিলে ০-২ আয়াক্স
ভ্যালেন্সিয়া ২-২ চেলসি