স্পোর্টস রিপোর্টার
আগামী রবিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হতে যাচ্ছে ১৩তম এস এ গেমস। বাংলাদেশ এই গেমসের ২৫টি খেলায় অংশগ্রহণ করবে। বাংলাদেশের কোনো ক্রীড়াদিব স্বর্ণ পদক জয় করলে তার জন্য থাকছে অর্থ পুরস্কার। শুধু স্বর্ণ পদকই নয়। সেই সঙ্গে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জয় করলেও অর্থ পুরস্কার দেওয়া হবে ক্রীড়া মন্ত্রণালয় হতে। পদক জয়ীদের পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এসব ঘোষণার কথা জানাতে গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে মতবিনিময় সভা করেছে মন্ত্রণালয়। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ী পাবেন ৬ লাখ, রৌপ্য জয়ী ৩ লাখ এবং ব্রোঞ্জ পদক জয়ী পাবেন ১ লাখ টাকা। দলগত ইভেন্টে স্বর্ণ পদক জয়ী প্রত্যেক ক্রীড়াবিদকে ১ লাখ, রৌপ্য জয়ী ৫০ হাজার এবং ব্রোঞ্জ জয়ী ৩০ হাজার টাকা করে পুরস্কার পাবেন।’ প্রতিমন্ত্রী বলেন, ‘এছাড়াও গেমসে যে ফেডারেশন ভালো করবে তাদের জন্য আর্থিক অনুদান হিসেবে দেড় কোটি টাকা বরাদ্দ রেখেছে মন্ত্রণালয়।’ ২০১৬ সালে ভারতের শিলং ও গৌহাটিতে অনুষ্ঠিত এস এ গেমসে স্বর্ণ পদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং শুটার শাকিল আহমেদকে একটি করে ফ্ল্যাট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের এস এ গেমসে স্বর্ণ জয়ীদেরও প্রধানমন্ত্রী সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বুধবার বিওএর সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে এস এ গেমসে বাংলাদেশ দলের অংশগ্রহণের সার্বিক প্রস্তুতি ও সম্ভাবনা এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’ আয়োজনের পরিকল্পনার বিষয়ে বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন ১৩তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সফলতা কামনা করেন এবং বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।