বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দুই দিন আগে সুপ্রিম কোর্টের সামনে পুলিশের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সুযোগ পেলেই তারা ছোবল মারবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মঙ্গলবারের ঘটনা প্রমাণ করে কয়দিন বিরতি দিলেও তাদের মূলনীতি সন্ত্রাস আশ্রয়ী রাজনীতি, ভাঙচুরের রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি থেকে তারা বেরিয়ে আসেনি। হাইকোর্টের সামনে তারা সেটি দেখিয়েছেন। এই ঘটনায় এটিই প্রমাণিত হয় সুযোগ পেলেই তারা ছোবল দেবে। বিএনপি যদি সন্ত্রাস আশ্রয়ী রাজনীতি থেকে বেরিয়ে না আসে তাহলে যেভাবে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তা আরো বাড়বে। তারা যে আজ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, তারা ভবিষ্যতে জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হবে।