আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে দেশ প্রায় জঙ্গিমুক্ত হয়েছে। এ কারণে বাংলাদেশ এখন অন্যতম শান্তির দেশ। এটা বিরল ঘটনা। গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে প্রখ্যাত সাংবাদিক প্রয়াত জগলুল আহমেদ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, হলি আর্টিজান হামলা মামলার রায়কে স্বাগত না জানিয়ে বিএনপি সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। এ কারণে ভবিষ্যতে বিএনপির অবস্থা আরো খারাপ হবে।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। দেশে যে জঙ্গিবাদের উদ্ভব হয়েছিল, শেখ হাসিনার সরকার কঠোরভাবে তা দমন করেছে। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নেই। মোহাম্মদ নাসিম বলেন, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী আন্তর্জাতিক বিশেষ করে দক্ষিণ এশিয়া বিষয়ক বিভিন্ন বিশ্লেষণধর্মী কলাম লিখেছেন। তার এই আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী লেখনী তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উত্স। তিনি বলেন, জগলুল আহমেদ চৌধুরী ছিলেন সদালাপী, অমায়িক ও বন্ধুবত্সল সর্বোপরি মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ। তার অকাল মৃত্যু ব্যথিত করেছে।
সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্ট এই স্মরণসভার আয়োজন করে। সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালিউর রহমান, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন কুমার সাহা, সিনিয়র সাংবাদিক মনোজ রায়, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, জগলুল আহমেদ চৌধুরীর বড়ো ভাই রোকন উদ্দিন, বনানী সোসাইটির সভাপতি শওকত আলা ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের কাগজের সম্পাদক ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী স্মৃতি ট্রাস্টের মহাসচিব শ্যামল দত্ত।
এদিকে সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে মোহাম্মদ নাসিম কাজিপুরের সোনামুখীতে শহিদ শেখ রাসেল শিশু পার্ক ও প্রস্তাবিত বিসিক শিল্প নগরীর স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হলি আর্টিজান হামলা মামলার দ্রুত বিচার করে শাস্তি দেওয়া বিশ্বে এক বিরল ঘটনা। বিচারে সাত জঙ্গির ফাঁসির আদেশ জনগণের প্রত্যাশা পূরণ করেছে। বিএনপি অসুস্থ রাজনীতি করছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরো বলেন, বিএনপি রাজনীতিতে অব্যাহতভাবে ভুল করছে এবং সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে ও তাদের ওপর আক্রমণ চালিয়ে এই দলটি একটি ‘জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে । তারা ২০১৪ সালে পেট্রোল বোমা ছুড়ে সাধারণ মানুষকে হত্যা করেছে, গাড়ি-বাড়ি পুড়িয়েছে, ২০১৮ সালের নির্বাচনে মাঠ থেকে পালিয়েছে। তারা সাধারণ মানুষের জন্য নয়, কেবল নিজেদের স্বার্থেই রাজনীতি করে। বিএনপি সবসময় জনগণকে জিম্মি করে রাজনীতি করেছে—এ কারণেই এটি একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শত্তকত হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।