বাঘায় চালকের দক্ষতায় মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচল দুই ট্রেন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনে চালকের দক্ষতায় মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল যাত্রীবাহী দুটি ট্রেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী সিক্স ডাউন মেইল ট্রেনটি আড়ানী রেল স্টেশনে দাঁড়িয়েছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনটির পার্চ করার জন্য ২ নম্বর লাইন ক্লিয়ার করার কথা ছিল। কিন্তু তা না করে ১ নম্বর লাইন ক্লিয়ার করা হয়। ফলে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির মুখোমুখি হয় কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি। কিন্তু ট্রেনের চালক রুহুল আমিন সিরাজ দাঁড়িয়ে থাকা ট্রেনটি দেখতে পেয়ে মুখোমুখি হওয়ার ১৫ গজ দূরেই ট্রেনটি থামিয়ে দেন। এতে বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এসময় উভয় ট্রেনের যাত্রীদের মধ্যে ছুটোছুটি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, খুলনা থেকে আন্তঃনগর কপোতাক্ষ ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে সকাল সাড়ে ৬টায়। আড়ানী স্টেশন পার্চ করার কথা ছিল ১১টা ৪৪ মিনিটে। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেনের মুখোমুখি হয় ১২টা ২০ মিনিটে। পরে ১২টা ৫৩ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এদিকে সিক্স ডাউন মেইল ট্রেনটি রাজশাহী থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছাড়ে সকাল সাড়ে ১০টায়। আড়ানী স্টেশনে এসে পৌঁছে ১২টা ৪ মিনিটে। ছাড়ে বেলা ১টা ৪০ মিনিটে।

আড়ানী স্টেশন মাস্টার    একরামুল হক বলেন, পয়েন্টম্যানের ভুলের কারণে এ ঘটনা ঘটে। তবে ৩৩ মিনিট পর ট্রেনটি আড়ানী ছেড়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। পয়েন্টম্যান রওশন আলী বলেন, আমি কিছুদিন আগে স্টোক করে প্রতিবন্ধীর মতো হয়ে পড়েছি। দ্রুত চলাচল করতে সমস্যা হয়। তাই পয়েন্ট ঠিক করতে যাওয়ার আগেই কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনটি আড়ানী স্টেশনে ঢুকে পড়ে। তবে চালকের বুদ্ধিমত্তায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে।

তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের

রেল যোগাযোগ স্বাভাবিক

এদিকে কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের কামারখন্দে রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। গতকাল সকাল ১১টার দিকে ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবদুর রহমান জানান, সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে, তার ১৫ মিনিট পর ট্রেনটি উপজেলার ঝাঐল টেকআপ পয়েন্টে বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।