ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক পুলিশ সদস্য ও স্কুলছাত্র রয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
কিশোরগঞ্জ প্রতিনিধি ও বাজিতপুর সংবাদদাতা জানান, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের বাজিতপুর উপজেলার কাশলা গজারিয়া জামতলা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় জাহিদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি বাজিতপুরের পিরিজপুর ক্যাম্পে কর্মরত ছিলেন। রাত্রিকালীন টহল ডিউটির সময় পিকআপ ভ্যানটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নওগাঁও গ্রামের আব্দুল গনির পুত্র। তিনি ১৩ দিন আগে পিরিজপুর পুলিশ ক্যাম্পে যোগ দেন।
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, গতকাল জীবননগর উপজেলার পশ্চিম বাড়ান্দিতে ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জুনায়েদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে পশ্চিম বাড়ান্দির বিল্লাল হোসেনের ছেলে। উত্তেজিত জনতা এ সময় খান ব্রিক্সের দুটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই ট্রাক দুটি পুড়ে যায়।
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, গত বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম জান্নাতি খাতুন (৫)। সে উপজেলার গনাইকুরটি গ্রামের পলাশ মিয়ার মেয়ে।
কক্সবাজার প্রতিনিধি জানান, সদরের বাংলা বাজারে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রসহ দুই পথচারী নিহত হয়েছে। গতকাল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা আবুল বশর (৮৫) ও ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফরহাদ (১৫)। রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় তাদের চাপা দেয় ডাম্পারটি। বিক্ষুব্ধ জনতা ঐ ডাম্পারে আগুন ধরিয়ে দেয়।
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, গতকাল উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—হামিদুল ইসলাম ওরফে বাচ্চু (৫৪)। অপর জনের পরিচয় জানা যায়নি।
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, গতকাল ঘাটাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মণশাসনে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছে। রাস্তা পাড় হওয়ার সময় রাজশাহীগামী তুহিন পরিবহনের একটি বাসের নিচে পড়ে তিনি মারা যান।