কী করে বিশ্ববাসীর দৃষ্টি সব সময় নিজের দিকে টেনে রাখতে হয় তা বোধহয় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো করেই শিখে ফেলেছেন। এবার তিনি নিজেকে সিলভেস্টার স্ট্যালোন অভিনীত চরিত্র ‘রকি বালবোয়ার’ সাজে সাজালেন। ‘রকি থ্রি’ ছবিতে স্ট্যালোনের পেশিবহুল দেহের ছবির ওপর নিজের মুখ সুপার ইম্পোজ করে বসিয়ে সেই ছবি নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন ট্রাম্প। তবে নিজের অন্যান্য পোস্টে যেভাবে নানারকম মন্তব্যে ভরিয়ে রাখেন তিনি, এই পোস্টে তা করেননি। তবুও ট্রাম্পের এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
একদিকে ট্রাম্প অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করে লিখেছেন, ‘হোয়াইট হাউজে একজন যোদ্ধা এসেছেন। আমাদের চ্যাম্পিয়ন হতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। মধ্যবিত্ত, ঈশ্বরবিশ্বাসী, করদাতা, কর্মঠ, সংবিধান মানা মার্কিনিদের জন্য আর কোনো প্রেসিডেন্ট এভাবে খাটেননি।’ আরেকদিকে এভাবে একটি কাল্পনিক ছবির চরিত্রের সঙ্গে নিজেকে মিশিয়ে প্রেসিডেন্ট তার পদমর্যাদাকে তাচ্ছিল্য করেছেন বলে অভিযোগ করেছেন সমালোচকরা। কেউ কেউ বলছেন, মঙ্গলবার ফ্লোরিডায় একটি মিছিলে ট্রাম্প বলেছিলেন চিকিত্সকরা তাকে বলেছেন তার বুকের ছাতি অত্যন্ত আকর্ষণীয়। সেই কারণেই ঐ ছবি পোস্ট করেছেন কি না, সেই কৌতূহলও অনেকের।
আলোচিত ছবিটিতে দেখা যায়, ট্রাম্পের কঠিন পেশি ও পেটানো চেহারা। আর দাঁড়ানোর সেই স্টাইল। তবে শুধু মুখের দিকে তাকালেই বোঝা যাবে পার্থক্যটা। ‘রকি থ্রি’ ছবিতে বক্সারের বেশে সিলভারস্টার স্ট্যালন জিতে নিয়েছিলেন লাখো দর্শকের মন। আর সেই ছবির প্রধান চরিত্রকে নিয়ে ট্রাম্প আচমকা এমন পোস্ট কেন দিলেন তার জবাব মেলাতে পারছে না কেউ। ইতিমধ্যেই ছবিটিতে লাখ লাখ লাইক পড়েছে। রিটুইটও হয়েছে ২ লাখ বারের মতো। লক্ষাধিক মন্তব্য পড়েছে। কেউ কেউ বলেছেন, যখন অভিশংসন প্রক্রিয়া চলছে প্রেসিডেন্টের বিরুদ্ধে, তখন তিনি এ ছবি দিয়ে কি নিজের ‘শক্তিশালী’ ভাবমূর্তিকে তুলে ধরতে চাইলেন? এত চাপের মুখেও ট্রাম্প নিজেকে এত স্বাভাবিক রাখছেন কীভাবে তেমন প্রশ্ন নেট দুনিয়ায়। —এনডিটিভি