ফতুল্লার দুটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ছয় ফার্মেসিকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন ও পুলিশের সমন্বয়ে দেলপাড়া এবং হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে অনেকে দোকান বন্ধ করে সটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। জেলা ওষুধ প্রশাসন অধিপ্তরের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন জানান, বেলা ১১টার দিকে দেলপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ ব্যবসা করার অপরাধে কেয়া ফার্মেসিকে ৪০ হাজার টাকা ও উম্মে সালমা চিকিত্সা কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।