স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বিএনপির মহাসচিবসহ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলায় মহানগর বিএনপির কমিটির কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বাদী পক্ষের আইনজীবীদের অন্তর্বর্তীকালী নিষেধাজ্ঞা আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসের আদালত এই আদেশ দেন। আদালতে মহানগর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল এবং তাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, অ্যাডভোকেট আশরাফুল আলম সিরাজী রাসেল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা প্রমুখ। বাদী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, অ্যাডভোকেট জালালদ্দিন নগরী ও ব্যারিস্টার মো. এনামুল কবির। গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসের আদালতে মহানগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার খান ও একই ওয়ার্ডের সাবেক যুগ্ম সম্পাদক (পৌরসভাকালীন) বিএনপি নেতা নূর আলম শিকদার বাদী হয়ে মামলাটি করেন।