সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
র্যাবের অভিযানে ফেনী থেকে জেএমবির চার এহসার সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করেছে র্যাব। গত বৃধবার রাতে ফেনীর সদর থানার মায়ানিবাস, পশ্চিম বিজয়শিং ও সিলোনিয়া হাজির বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো—মাওলানা মো. সাইফুল্লাহ (৩৫) মো. মাহাদী ওরফে মহেদী হাসান ওরফে দাউদ (৩০) মাওলানা আজিজুল হক (৪১) ও হাফেজ মাওলানা ইদ্রিস (৪০)। গতকাল বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় এহ্সার সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী। তারা ১৯৯৯ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদ (হুজি) করত। ২০০৩ সালে হুজির কার্যক্রম কমে যাওয়ার পর ২০০৪ সালে জেএমবির আধ্যাত্মিক নেতা আতিকুলাহর মাধ্যমে তারা জেএমবিতে যোগদান করে। জেএমবিতে যোগদানের পর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে জেএমবির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিল। এছাড়াও গ্রেফতারকৃতরা উগ্রবাদী বই বিতরণ করে জেএমবির সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার করে থাকে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত্ গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ও জেল হতে আটককৃত জেএমবির সদস্যদের মুক্ত করার পরিকল্পনা এবং সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতত্পরতা চালিয়ে যাচ্ছে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।