সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের কামারখন্দে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী হামিদা খাতুনকে (৫০) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় হামিদা খাতুন অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড প্রদান করেন। এই আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু ও এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলার কামারখন্দ উপজেলার খামার বড়ধুল গ্রামের কবির হোসেনের সঙ্গে একই গ্রামের নুর মোহাম্মদের মেয়ে হামিদা খাতুনের বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০১৬ সালের ২৪ অক্টোবর হামিদা খাতুন গণধর্ষণের অভিযোগ এনে কবির হোসেন ও তার পাঁচ ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন।