ফরিদপুর ৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে। এতে দুই পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর এই দুই পক্ষ ভাঙ্গায় সংঘর্ষে লিপ্ত হয়। এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্ল্যাহ। সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রবিবার সন্ধ্যায় নিক্সন সমর্থকরা সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে মিছিল বের করলে কাজী জাফরউল্ল্যাহর সমর্থকরা হামলা করে। এতে নিক্সন গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়।
এর পরে নিক্সন গ্রুপ সংগঠিত হয়ে প্রতিহত করলে দুই পক্ষের ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধসহ দুই পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়।
আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পায়ে গুলিবিদ্ধ ১জনসহ গুরুতর আহত ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে নিক্সন চৌধুরীর সমর্থক চরবলাইশাইল গ্রামের শামসু মাস্টারের ছেলে দিদার ও লাভলু এবং শিল্পী নামে এক নারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিসকরা।
এই ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান নিক্সন চৌধুরীর সমর্থক ওমর ফারুককে আটক করলে সাংসদ নিক্সনসহ নেতাকর্মীরা সদরপুর থানা ঘেরাও করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
এ ব্যাপারে সাংসদ নিক্সন চৌধুরীর ব্যাক্তিগত সহকারী জাহিদুর রহমান রিয়ন জানান, 'আমাদের কর্মীদের মিছিলে অতর্কিত হামলা চালিয়ে আমাদের কর্মীদের আহত করে। সেই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করে ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক থানায় মামলা করতে গেলে পুলিশ তাকেই আটক করে। বিষয়টি জানতে পেরে নিক্সন চৌধুরী থানায় গেলে তার কয়েক হাজার কর্মী সমর্থক থানা ঘেরাও করে রাখে।'
আরও পড়ুনঃ নতুন প্রজন্ম আজ বঙ্গবন্ধুকে জানতে ও বুঝতে শিখেছে: তোফায়েল আহমেদ
বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া বলেন, 'নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় সাংসদের সমর্থক এক চেয়ারম্যানকে পুলিশ আটক করেছিল। তাকে বিধি ভঙ্গ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। পুরো পরিস্থিতি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রনে।'
ইত্তেফাক/নূহু