পশ্চিমবঙ্গে তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জিতল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের ৬ মাসের মধ্যে বড়ো ধাক্কা খেলো বিজেপি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বিজেপির ‘ঔদ্ধত্য ও অহংকার’ এর জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। এনআরসির বিরুদ্ধে মত প্রকাশ করছে। এরপরই তার নতুন স্লোগান, তিনে-তিন, বিজেপিকে বিদায় দিন।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর—এই তিন আসনেই তৃণমূল জিতেছে। এর মধ্যে কালিয়াগঞ্জ জাতীয় কংগ্রেসের, করিমপুর তৃণমূলের এবং খড়গপুর সদর বিজেপির দখলে ছিল।
মমতা বলেন, ভারতের অর্থনীতির হাল খারাপ। মানুষ কাজ পাচ্ছেন না, উলটো কাজ হারাচ্ছেন। আর বিজেপি যখন তখন যে কোনো রাজ্যে যা খুশি করছে। কখনো এনআরসি, কখনো অন্য কিছু নিয়ে যা খুশি প্রচার করছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল বলছেন, প্রশান্ত কিশোরের পরামর্শে, এলাকাভিত্তিক সমস্যার কথা জেনে, তার সমাধান করেই এই সাফল্য তৃণমূলের। এই ফল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন যোগাবে।