আজ বক্তাবলী দিবস

আজ শুক্রবার বক্তাবলী দিবস। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে একাত্তরের ২৯ নভেম্বর দিনটি ছিল নারায়ণগঞ্জবাসীর জন্য বেদনাবিধুর দিন। এ দিন ফতুল্লা থানার দুর্গম চরাঞ্চল বুড়িগঙ্গা নদী বেষ্টিত বক্তাবলীতে পাক হানাদার বাহিনী ১৩৯ জন নারী-পুরুষ-শিশুকে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা যুদ্ধে নারায়ণগঞ্জে এক সঙ্গে এত প্রাণের বিয়োগান্ত ঘটনা দ্বিতীয়টি আর নেই। স্বজন হারানোর ব্যথা ও কষ্ট নিয়ে শ্রদ্ধার সঙ্গে প্রতি বছরই পালিত হয় এই দিবসটি। এটি নারায়ণগঞ্জবাসীর জন্য অর্থবহ একটি দিন। এদিকে স্বাধীনতার ৪৮ বছরেও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে সেখানকার বাসিন্দাদের রয়েছে ক্ষোভ। ২০০৫ সালের ২৯ নভেম্বর বক্তাবলীর কানাইনগর হাই স্কুল মাঠে শহিদদের স্মৃতি রক্ষায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও তাতে নেই শহিদদের নাম ফলক। অযত্ন অবহেলায় স্মৃতিস্তম্ভটির বেহাল দশা দেখে হতাশ স্থানীয় মুক্তিযোদ্ধাসহ নতুন প্রজন্ম।