‘রাতে অক্সিজেন তৈরি করে গাছ’ পাকিস্তানি প্রধানমন্ত্রীর মন্তব্যে নেট-দুনিয়ায় বিদ্রুপের ঝড়

রাতের বেলা অক্সিজেন তৈরি করে গাছ। সম্প্রতি এই কথা বলে নেট-দুনিয়ায় হাসির খোরাক হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে নিয়ে পাকিস্তান জুড়ে বয়ে যাচ্ছে বিদ্রুপের ঝড়। পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়ত বুধবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিও। সেটি আপলোড করে তিনি লিখেছেন, ‘রাতে অক্সিজেন তৈরি করে গাছ : আইনস্টাইন খান’। ১৫ সেকেন্ডের সেই ভিডিওতে ইমরান খানকে বলতে শোনা যাচ্ছে, ‘গত ১০ বছরে প্রায় ৭০ শতাংশ জঙ্গল কেটে ফেলা হয়েছে। এর প্রভাবের মুখোমুখি আমাদের হতে হবে। কারণ, বাতাসকে পরিশুদ্ধ করে গাছ। রাতের বেলা অক্সিজেন তৈরি করে গাছ। কার্বন ডাইঅক্সাইডও শোষণ করে।’

ইমরান খানের এই বক্তব্যের ভিডিওতে ব্যঙ্গাত্মক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। বিজ্ঞান বিষয়ে পাক প্রধানমন্ত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার ইমরানকে স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। কেউ কেউ আবার ‘নতুন তত্ত্ব’ আবিষ্কারের জন্য তাকে নোবেল দেওয়ারও দাবি তুলেছেন। —এনডিটিভি