ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্যার আবেদের পরিবারের সদস্যরা তার সঙ্গে আছেন। বৃহস্পতিবার ব্র্যাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যার আবেদের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দর্শনার্থীদের সংখ্যা সীমিত রাখার পরামর্শ দিয়েছে। বিষয়টিকে সংবেদনশীলভাবে দেখার জন্য গণমাধ্যমের প্রতি ব্র্যাকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সই করেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মুসা। শুক্রবার ব্র্যাকের সিনিয়র মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবীর ইত্তেফাককে জানান, স্যার ফজলে আবেদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
প্রসঙ্গত, চলতি বছর স্যার ফজলে আবেদ ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। তাকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করার পর সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখায় স্যার আবেদ বাংলাদেশ ও বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন।
আরো পড়ুন : ‘শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন’
১৯৮০ সালে র্যামন ম্যাগসাইসাই পুরস্কার, ২০১১ সালে ওয়াইজ প্রাইজ অব এডুকেশন, ২০১৪ সালে লিও টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, স্প্যানিশ অর্ডার অফ সিভিল ম্যারিট, ২০১৫ সালে বিশ্ব খাদ্য কর্মসূচি পুরস্কার অর্জন করেন। সর্বশেষ চলতি বছর তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড, শিক্ষায় ভূমিকা রাখায় ইয়াডান পুরস্কারের জন্য মনোনীত হন।
ইত্তেফাক/ইউবি