বিনোদন ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি পোস্ট ভাইরাল হয়। এতে বিগ বি লিখেছিলেন, এবার তিনি ছুটি নিতে চান। কিন্তু কেন? সঠিক এর আন্দাজ নেই। সেইসঙ্গে উঠে আসে আরেকটি খবর। ফ্রেঞ্চ ওয়ার্কবুকের মলাটে নাকি জ্বলজ্বল করছে বৌমার ছবি। এর মাধ্যমে শুধু সিনেমা নয়, পড়ার বইতেও জায়গা করে নিলেন ঐশ্বরিয়া রাই। নরম গোলাপি রং বোধহয় খুব প্রিয় অ্যাশের। ভারি কাজ করা সেই রঙের অফশোল্ডার গাউনে পোজ দিয়েছেন তিনি। খোলা চুলে, হালকা মেকআপে রূপ আরো ফুটে উঠেছে তার। ইংরেজি মাধ্যমের হাই স্কুল পড়ুয়াদের জন্য তৈরি এই বইয়ে বিশ্বের বিখ্যাত জায়গার সঙ্গে থাকেন বিশ্ববিখ্যাত মানুষেরাও। ঐশ্বরিয়া রয়েছেন সেই দলে। বিশ্বসুন্দরী, অভিনেত্রী, বচ্চন বউমার পর এই সম্মান রাইয়ের মুকুটে অবশ্যই নতুন পালক। শুধু ছবি দিয়েই ক্ষান্ত হননি চলতি বছরের এই বইয়ের প্রণেতারা। বইয়ে একটি বাড়তি অধ্যায়ও যোগ করেছেন। ‘হলিউড এবং বলিউড’ নামের এই অধ্যায়জুড়ে শুধু ঐশ্বরিয়ার কথাই রয়েছে।