জনবল সংকটে লাকসাম ৫০ শয্যা হাসপাতাল

স্বাস্থ্যসেবা ব্যাহত

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

জনবল সংকটে চলছে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিত্সকসহ জনবলের অভাবে রোগীদের স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হয়। এতে এ এলাকার কয়েক লাখ মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে রোগীদের উপচেপড়া ভিড়। এ সময় ডাক্তার ও এসএসএমওদের স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এখানে শুধুমাত্র বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩০০ রোগী চিকিত্সা নিতে আসেন। তাছাড়া ৬০ থেকে ৭০ জন মা ও শিশু ভ্যাকসিন সেবা নেন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী জানান, বিশেষজ্ঞ চিকিত্সকসহ চিকিত্সা কর্মকর্তার ২৬টি পদের মধ্যে ১৬টিই শূন্য। মেডিসিন, অ্যানেসথেসিয়া, শিশু, নাক-কান-গলা, চর্ম ও যৌন রোগ, চক্ষু এবং অর্থোপেডিকস বিশেষজ্ঞ চিকিত্সকের পদগুলো শূন্য থাকায় রোগীরা চিকিত্সাসেবা বঞ্চিত হচ্ছেন। ডেন্টাল সার্জনের পদও শূন্য। ১২ জন মেডিক্যাল অফিসার/সহকারী

সার্জনের স্থলে চার জন অফিসিয়ালি কর্মরত থাকলেও একজন দীর্ঘদিন ধরে অননুমোদিত অনুপস্থিত রয়েছে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিত্সক না থাকায় সাধারণ ডাক্তার ও এসএসএমওরা কোনোমতে রোগীদের সেবা দেওয়ার কাজ চালাচ্ছেন। তিনি আরো জানান, তিন জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ভাণ্ডার রক্ষক, তিন জনের মধ্যে দুই জন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, তিন জন ফার্মাসিস্ট, কম্পাউন্ডার, কার্ডিওগ্রাফার, ইমার্জেন্সি অ্যাটেনডেন্ট, বাবুর্চি, মশালচি, তিন জন ওয়ার্ডবয়, দুই জনের মধ্যে একজন আয়া, মালি, দুই জন নিরাপত্তাকর্মীর একজন ও পাঁচ জন পরিচ্ছন্নতাকর্মীর পদ শূন্য রয়েছে। আর রন্ধনশালার কাজ চলছে পিয়ন দিয়ে। তবে চিকিত্সক ও জনবলসহ নানা সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আগামী মাসের প্রথম দিকে ডাক্তারের পদগুলো পূরণ হতে পারে। আশা করি অন্যান্য পদেও দ্রুত নিয়োগ দেওয়া হবে। শূন্যপদগুলো পূরণ হলে সঠিকভাবে রোগীদের উন্নত সেবা দিতে পারব।