চান্দিনায় এক প্রতিষ্ঠানকে সিলগালা, দুই জনের দণ্ড

টম্যাটো ছাড়া সস, দুধ ছাড়া ঘি!

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

টম্যাটো ছাড়া টম্যাটো সস, দুধ ছাড়াই ঘি এবং কাপড়ের রঙে তৈরি হচ্ছে জুস। আর এ কারণে কুমিল্লার চান্দিনায় রামমোহন সড়কের হারং উদালিয়ারপাড়ে ‘রহমান ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লি.’ নামের প্রতিষ্ঠানকে সিলগালা করে এর মালিক পক্ষকে জেল-জরিমানা করা হয়েছে।

দেখা গেছে, ‘মাহিন’ ও ‘নোভা’ নামে দুইটি ব্র্যান্ডের প্রতিষ্ঠানটি অন্তত ৩০টি প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করছে। বৃহস্পতিবার সেখানে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালায় কুমিল্লা র্যাব-১১ এর একটি প্রতিনিধি দল।

এ সময় ভ্রাম্যমাণ আদালত নগদ ২ লাখ টাকা জরিমানা, ফ্যাক্টরিটি সিলগালা করে কোম্পানির মালিকপক্ষের দুই সহোদরকে দুই মাসের কারাদণ্ড দেয়।

কোম্পানির মালিক মো. রফিকুল ইসলামের দুই ভাই ও কোম্পানির পরিচালক হাজী মো. শহীদুল ইসলাম (৪০) ও মো. সফিউল ইসলাম বাশারকে (৩৫) ২ মাস করে কারাদণ্ড দেয়। তারা চান্দিনার হারং গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

কুমিল্লা র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব ও এএসপি মুহিতুল আলম জানান, ‘রহমান ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস লি.’ নামের প্রতিষ্ঠানটিতে দুইটি ব্র্যান্ডের নামে দীর্ঘদিন নকল-ভেজাল ও অনুমোদনহীন খাদ্যসামগ্রী বাজারজাত করছে। বিশেষ করে দুধ ছাড়া পামওয়েলের সঙ্গে সেন্ট দিয়ে তৈরি হচ্ছে ঘি, টম্যাটো ছাড়া তৈরি হচ্ছে টম্যাটোর সস, কাপড়ের রঙে তৈরি হচ্ছে ফলের জুস।