রাবি ও রুয়েটের সমাবর্তন আজ

রাজশাহী অফিস

দুই দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শনিবার রাজশাহী যাচ্ছেন। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন এবং রবিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তনে সভাপতিত্ব করবেন মো. আবদুল হামিদ। সমাবর্তনের জন্য রাবি ও রুয়েট প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। 

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বলেন, রাষ্ট্রপতি ও রাবির চ্যান্সেলর মো. আবদুল হামিদের আগমনে ক্যাম্পাস জুড়ে উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রপতির সফর সফল করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাবি ক্যাম্পাসের প্রধান পয়েন্টে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এ সময় বহিরাগতদের রাবিতে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।