রাণীনগরে কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়

কমছে ফসল উত্পাদন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে আবাদি জমির মাটি যাচ্ছে ইটভাটায়। আর এতে দিন দিন কমে যাচ্ছে কৃষিজমির পরিমাণ। উপজেলার ১০টি ইটভাটার মালিক ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করছেন। কৃষকদের অর্থের লোভ দেখিয়ে কৃষিজমির টপ সয়েলগুলো কেটে ব্যবহার করছেন ইট ভাটায়। ফলে তিন ফসলের কৃষি জমিগুলো পুকুর ও জলাশয়ে পরিণত করা হচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য আর কমছে উত্পাদনের হার।

সরেজমিনে জানা গেছে, উপজেলার কাশিমপুর, মিরাট, ধনপাড়া, রামরায়পুর, মণ্ডলেরপুল ও খট্টেশ্বর হাদিপাড়া এলাকায় কৃষিজমি থেকে অবাধে মাটি কেটে ইটভাটার কাজে ব্যবহার করা হচ্ছে। প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও শুধু ইটভাটায় কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির কারণে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪০০ হেক্টর জমিতে ইরি ধান চাষ কম হবে বলে আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উপজেলায় দিন দিন বাড়ছে জমির মাটি ইটভাটায় বিক্রির প্রবণতা। মাটি কেটে জমি নিচু করার ফলে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। উর্বর শক্তি কমে যাওয়ার ফলে ঐ জমিতে আশানুরূপ ফলন হবে না। কৃষকরা না বুঝে অর্থের লোভে জমিগুলোর স্থায়ী ক্ষতি করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন বলেন, এই বিষয়ে লিখিতভাবে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।