সুদানে আইন করে বিলুপ্ত বশিরের দল

নারীদের প্রতি বৈষম্যমূলক একটি আইনও বাতিল

বিবিসি

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরের দল ন্যাশনাল কংগ্রেস পার্টিকে (এনপিসি) বিলুপ্ত করতে আইন করেছে দেশটির অন্তর্বর্তীকালীন কাউন্সিল। সামরিক ও বেসামরিক সদস্যদের নিয়ে গঠিত এ কাউন্সিল বৃহস্পতিবার নারীদের পোশাক ও চলাচলের স্বাধীনতা খর্বকারী একটি বৈষম্যমূলক আইনও বাতিল করেছে।

১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করা বশির তিন দশক ধরে উত্তরপূর্ব আফ্রিকার দেশটি শাসন করে আসছিলেন। গণআন্দোলনের মুখে চলতি বছরের এপ্রিলে তিনি ক্ষমতাচ্যুত হন। বশিরকে উত্খাতের পর থেকেই তার দলের বিলুপ্তি ও নারীদের ওপর বিধিনিষেধ আরোপকারী আইনটি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা সোচ্চার ছিলেন। নতুন আইনে ‘১০ বছরের জন্য এনসিপি বা তাদের প্রতীক কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবে না’ বলে উল্লেখ করা হয়েছে।

অন্তর্বর্তীকালী কাউন্সিল বৃহস্পতিবার তাদের আদেশে এনসিপির সম্পদ জব্দে একটি কমিটি করা হবে বলেও জানিয়েছে। বেসামরিক প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক নেতৃত্বাধীন মন্ত্রিসভা বলেছে, বাশারের দল জনগণের যে সম্পদ লুট করেছে তা ফিরিয়ে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। টুইটারে তিনি বলেন, সুদানের জনগণের লুট হওয়া সম্পদ উদ্ধার করতেই এ পদক্ষেপ।

বশিরের শাসনামলে নারীদের পোশাক ও বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। ইসলামি শরিয়া আইনের কঠোর ব্যাখ্যাসংবলিত ঐ আইনটিও বাতিল করেছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল। এ আইনের অধীনে প্রতি বছরই হাজারো নারীকে গ্রেফতার করা হতো বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। এনসিপির পতনে যে আন্দোলন হয়েছে, নারীরাই তার সামনের সারিতে ছিলেন। বাশারের ক্ষমতাচ্যুতির পর উত্তরপূর্ব আফ্রিকার এ দেশটিতে চলতি বছরের ২৫ নভেম্বরই প্রথম নারীর প্রতি সহিংসতা নির্মূলের প্রত্যয় নিয়ে হওয়া আন্তর্জাতিক দিবসটি পালিত হয়।