কর্ণাটকের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

 

ভারতে কর্ণাটকের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও সিদ্দরামাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। এছাড়া কংগ্রেসের ডিকে শিবকুমার, জেডিএসের দীনেশ গুণ্ডুরাও, বেঙ্গালুরুর তত্কালীন পুলিশ কমিশনার টি সুনীল কুমারসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  —আনন্দবাজার পত্রিকা

লোকসভা নির্বাচনের আগে বেছে বেছে বিরোধী নেতাদের নিশানা করা হচ্ছে, তাদের বাড়ি ও দপ্তরে আয়কর হানা চালানো হচ্ছে বলে অভিযোগ করে গত মার্চ মাসে বেঙ্গালুরুতে আয়কর দপ্তরের বাইরেই বিক্ষোভ করেন কর্ণাটকের তত্কালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীসহ কংগ্রেস ও জেডিএস জোটের অন্য নেতা-মন্ত্রীরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এ মল্লিকার্জুন নামের এক সমাজকর্মী। তাতে বলা হয়, জেডিএস ও কংগ্রেস নেতাদের বাড়িতে যে আয়কর হানা হতে পারে, কুমারস্বামীই সেই খবর ফাঁস করেছিলেন। তারপর সবাইকে নিয়ে আয়কর দপ্তরের সামনে হাজির হন। আয়কর দপ্তরের কর্মকর্তাদের ‘বিজেপির এজেন্ট’ বলে কটাক্ষও করেন, যাতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়। মল্লিকার্জুনের অভিযোগ খতিয়ে দেখে সম্প্রতি পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নির্দেশ দেয় রাজ্যের একটি আদালত।