বৃষ্টিস্নাত দিনে লাথামের সেঞ্চুরি

হ্যামিল্টনে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্টে বাগড়া দিয়েছে বৃষ্টি। গতকাল শুক্রবার শুরু হওয়া টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৫৪ দশমিক ৩ ওভার। তবে বৃষ্টির মাঝেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ওপেনার টম লাথাম। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। লাথামের অপরাজিত ১০১ রানের সুবাদে প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৭৩ রান করেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে টস হেরে ব্যাটিংয়ে নামার পর ক্রিস ওকস আর স্টুয়ার্ট ব্রডের তোপে ৩৯ রানেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর রস টেলর আর লাথামের শতরানের জুটি পরিস্থিতি সামাল দেয়। দলীয় ১৫৫ রানে টেলর ৫৩ রান করে ফিরলেও সেঞ্চুরি পূরণ করে অপরাজিত আছেন লাথাম।